জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে একটি হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা দাবি করেন, গৃহবধূ মঞ্জুয়ারা খাতুনের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দায়ের করা মামলায় রাজনৈতিক বিরোধের জেরে হামিদুর রহমান মলিনকে আসামি করা হয়েছে। তাঁদের অভিযোগ, মলিন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না; বরং ওই দিন তিনি জেলা বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর হামিদুর রহমান মলিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। তাঁরা মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গৃহবধূ মঞ্জুয়ারা খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আদালতে দায়ের করা মামলায় হামিদুর রহমান মলিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন।




