জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির মৃত্যুদণ্ড

অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড

আমিনুল ইসলাম পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪০), কয়ড়ার পাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মালেক (৪২) এবং একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. আনু (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। পরে তাঁকে ঘর থেকে বের করে পাশের একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে যাওয়া হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, সেখানে আসামিরা ওই নারীকে ঘিরে পাহারা দেন। তাঁদের মধ্যে একজন তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরদিন ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের বিষয়টি জানান। পরে তাঁদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপহরণের দায়ে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে বাদী সন্তুষ্ট।

মন্তব্য করুন