
মিটুল হোসেন মিঠুঃ
ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে সংগঠনটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ সভাপতিত্ব করেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে শাহিনুর ইসলাম (চ্যানেল আই), সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম রবি (এটিএন নিউজ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসানুজ্জামান সুমন (সম্পাদক, সাপ্তাহিক ২১) দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাগুরার মাটি থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকায় ঐক্যবদ্ধ পথচলায় ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের দিকনির্দেশনা ও পরামর্শে ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকরা পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণে একে অন্যের পাশে দাঁড়াবেন।
তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি পেশাগত উৎকর্ষ অর্জনে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা, মানুষের সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে তুলে ধরাও হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।
বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, পেশাদারত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’ একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। নবগঠিত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।