আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।
কমিটির অন্য সদস্যরা হলেন এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫), মো. আনোয়ারুল ইসলাম (নাটোর-৩), কে এম বাবর (গোপালগঞ্জ-২), সালাহ উদ্দিন (গাজীপুর-৪), মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২) , সানসীলা জেবরীন প্রিয়াঙ্কা (মহিলা আসন-১৫) এবং মারদিয়া মমতাজ (মহিলা আসন-৪৪)।
নতুন দায়িত্ব পাওয়ায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-২ আসনের বিএনপির নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা।
অত্র সীমান্তবর্তী এলাকার জনগণ আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংসদে (শেরপুর-২) নকলা- নালিতাবাড়ী আসনের মানুষের স্বার্থ ও এলাকার উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবেন।




