নদী বাঁচলে বাঁচবে জীবন

 

বিশ্ব নদী দিবসে ফটকি নদীতে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার ও কুইজ প্রতিযোগিতা

মুন্সী হাবিবুল্লাহ, স্টাফ রিপোর্টার:

“বন, নদী, পানি নেই তো জীবন নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় ফটকি নদীতে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার প্রতিযোগিতা ও নারীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নদী ও জলজ পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার কৃষ্ণরামপুর (কেচুয়াডুবি) এলাকায় দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত এ কর্মসূচি ছিল Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh প্রকল্পের আওতাভুক্ত। এতে অর্থায়ন করে সুইডিশ দূতাবাস, ঢাকা, বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল মাগুরা সদর ও শালিখা উপজেলা মৎস্য দপ্তর।

কর্মসূচিতে নদী ও খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মধ্যে নদী, পানি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ফটকি নদীতে আয়োজন করা হয় সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রান্ত।

অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, সাইট অফিসার মো. সাহিদুল ইসলাম, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুধু নদী পরিচ্ছন্নতা নয়, নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠানে নারীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। নদী, পানি, পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে নদী রক্ষার সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা জানান, নদী ও জলাশয় রক্ষা ছাড়া টেকসই জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব নয়। নদীকে দূষণ ও দখলমুক্ত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব নদী দিবসের এই আয়োজন থেকে উঠে আসে একটি স্পষ্ট বার্তা—নদী শুধু পানির প্রবাহ নয়; নদীকে ঘিরেই টিকে আছে মানুষের জীবন, জীবিকা ও প্রকৃতির বৈচিত্র্য। তাই নদী রক্ষার দায়িত্বও সবার।

মন্তব্য করুন