আজ মঙ্গলবার সকাল ১০:৩০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপের শ্রমিকদের চলমান সমস্যা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে নাসা গ্রুপের মালিকপক্ষের সাথে, নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্পের প্রতিনিধি, শিল্পাঞ্চল পুলিশের প্রতিনিধি এবং নাসার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দ। গত ২১শে সেপ্টেম্বর নাসা কর্তৃপক্ষ, কাশিমপুর কারাগারে নাসা গ্রুপের চেয়ারম্যানের সাথে আলোচনার পর ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত নেয়, যা তারা আজ আনুষ্ঠানিকভাবে জানায়।
বৈঠকে জামগড়া আর্মি ক্যাম্প প্রতিনিধি এবং শিল্পাঞ্চল পুলিশ কর্তৃক ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে শ্রমিকদের আগস্ট মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যে প্রদান এবং অন্যান্য যাবতীয় সকল পাওনাদি অক্টোবর মাসের মধ্যে প্রদান করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালোভাবে তাগিদ প্রদান করা হয়। কয়েক ঘণ্টার আলোচনার পর, বিভিন্ন সম্পত্তি বিক্রয় সম্পর্কিত জটিলতা এবং বাস্তবতার নিরিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নেতৃত্বে শ্রমিক নেতা এবং উপস্থিত সকলের মতামতের প্রেক্ষিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।



