রিপোর্ট :- মোঃ- হাসিব
রাজধানীর পল্লবীতে হারিয়ে যাওয়া ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পল্লবী থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পল্লবী থানায় কর্মরত এএসআই রবিউল ইসলাম জানতে পারেন, মিরপুরের সেকশন-১০ বেনারশী পল্লীর ব্লক-এ বায়তুল মামুর মসজিদের সামনে এক বৃদ্ধা নারী পড়ে আছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং বিষয়টি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত)কে জানান।
বৃদ্ধা ওই সময় তাঁর নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কয়েক দিন ধরে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে তাঁকে পল্লবী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে নেওয়া হয়। সেখানে নারী পুলিশের সহায়তায় তাঁর নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলে তাঁর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁর নাম মোছা. ফিরোজা বেগম ওরফে রানী (৬৫) বলে জানা যায়। তাঁর স্বামী মৃত আব্দুল হালিম মোল্লা। বাবার নাম মৃত হামিদ এবং মায়ের নাম মৃত সবিরুন্নেছা। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুশুমদিয়া ফকির বাড়ি এলাকায়।
পরে কাশিয়ানী থানার ডিউটি অফিসারের মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃদ্ধার একমাত্র ছেলে মো. আব্দুস সবুর জানান, তাঁর মা গত ২৮ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তিনি ভাসানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও মায়ের সন্ধান পাচ্ছিলেন না।
১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে আব্দুস সবুর পল্লবী থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সুস্থ অবস্থায় তাঁর মাকে ছেলের জিম্মায় তুলে দেওয়া হয়।
মাকে ফিরে পেয়ে আব্দুস সবুর পল্লবী থানা-পুলিশসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।




