জুলাই জাতীয় সনদ ও গণভোট বাস্তবায়ন ও সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ এবং দলীয়করণ, ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের পথে অগ্রসর হতে ক্ষমতাসীন দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দলটির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এতে আপনাদের মঙ্গল ও কল্যাণ হবে। আর না হলে এর পরে যে বিপ্লবটা হবে, তার মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনের সমাপনী পর্বে আলোচনায় অংশ নিয়ে মামুনুল হক এ কথা বলেন।
সংবিধান সংস্কারের দাবি সম্পর্কে বলতে গিয়ে মামুনুল হক বলেন, ‘কোনো যদি কিন্তু ছাড়া সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় আমরাও আবার সংবিধান নতুন করে রচনার পথে হাঁটব। স্পষ্ট বার্তা বিএনপির প্রতি, সংস্কার না করলে আমরা সংবিধান পুনর্লিখন করব।’