ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের নতুন মাদক ‘কুশ’সহ এক পাচারকারী আটক

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের নতুন সিনথেটিক মাদক ‘কুশ’সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি ওজনের মূল্যবান কুশ মাদক, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল। বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবি অধিনায়নক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান।
আটক মাদক পাচারকারীর নাম মোঃ তারিকুজ্জামান (২৪)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের উপর দিয়ে সীমান্ত এলাকায় মাদকের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ আভিযানিক দল মাধবকাটি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে সন্দেহভাজন ব্যক্তি তারিকুজ্জামানের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয় এবং বাংলাদেশে নতুন আসা ১২ কেজি ‘কুশ’ নামক মূল্যবান মাদকসহ তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন। জব্দকৃত মাদকসহ মালামালের বাজার মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান প্রেসব্রিফিং এ আরো জানান, জব্দকৃত নতুন মাদক ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা ফুল থেকে প্রক্রিয়াজাতকৃত বিশেষ এক ধরনের মাদক। বিশ্ববাজারে এই মারিজুয়ানা ফুল বা কুঁড়ির সাথে অতিরিক্ত টেট্রাহাইড্রো ক্যানাবিনল (টিএইচসি) রাসায়নিক মিশিয়ে লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক তৈরি করা হচ্ছে।
তিনি আরো জানান, ভারতের সঙ্গে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত জুড়ে সীমান্ত সুরক্ষা ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি সততার সঙ্গে কাজ করছে। যুবসমাজকে রক্ষা করতে এসময় তিনি সামাজিক ও পারিবারিকভাবে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।##

 

মন্তব্য করুন