ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
মাগুরার নোমানী ময়দানে বেশ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন হলো ‘১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, মাগুরার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে বেলুনও উদ্বোধনী ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, মাগুরা অঞ্চলটি ঐতিহাসিকভাবেই খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সুন্দর ধারায় পরিচালিত করতে সরকার সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৫ এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। বক্তব্যে তিনি উল্লেখ করেন, তরুণ ও যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার এবং আয়োজনের সভাপতি জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতেই আমাদের এই আয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জনাব আলী আহমেদ এবং পৌর বিএলসি মাগুরার সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদ হাসান খান কিজিল।
আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। দিনব্যাপী এই আয়োজনে মাগুরা জেলার বিভিন্ন উপজেলার কাবাডি দল অংশ গ্রহণ করছে।




