ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার শিরগ্রাম এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মধুমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নারীর গলায় তুলসিমালা থাকায় তিনি হিন্দু ধর্মাবলম্বী হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ খবরের আলোকে বলেন, মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর গলায় তুলসিমালা পাওয়া গেছে। এ কারণে ধারণা করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





