সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের পেস্ট নিয়ে ভারতে যাওয়ার সময় সেদেশের এক পাসপোর্টধারী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোমরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল ইমিগ্রেশন সংলগ্ন বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করেন। এরপর জ্ঞিাসাবাদ ও শারিরীক পরীক্ষা শেষে তার পায়ুপথ থেকে উক্ত স্বর্ণের পেস্ট জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাই এর ছিতাক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে। তার পাসপোর্ট নাম্বার-জেড-৬৪৮৭৪৫৮।
বিজিবি জানায়, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী একজন ব্যক্তি শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় পাসপোর্টধারী জহির শাহ গোলাম হোসেনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তাকে শারিরীক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে শারিরীক পরীক্ষার মাধ্যমে তার শরীরের পায়ুপথের (মলদ্বারে) ভিতরে বহন করা দুটি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণে পেস্টের ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা বলে বিজিবি আরো জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##

০৩.১১.২৬

মন্তব্য করুন