মহিউদ্দিন আহমেদ
গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাইপ্রবাসী নিশাত ঢালী।
তাঁর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনে নেন। পরে বসতঘরগুলো বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। দুটি দোকানের একটি অংশে খাবারের হোটেল পরিচালনা করা হচ্ছিল।
বাবুল মিয়া বলেন, সকালে ওই খাবার হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।আগুনে ১৩টি বসতঘরের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পাশাপাশি খাবার হোটেল ও একটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৫/১১/২৬ইং





