Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

তৌফিকের স্মরণে গায়েবানা জানাজা করতে গিয়ে বাধার মুখে এনসিপি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

 

মহিউদ্দিন আহমেদ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার (২০) স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জানাজা শুরুর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চান্দনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনায় বুধবার দুপুরে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছিল এনসিপি।

কর্মসূচি অনুযায়ী, চান্দনা চৌরাস্তায় এনসিপি ও শ্রমিক শক্তির নেতারা সমবেত হয়ে বক্তব্য দেন। তাঁদের বক্তব্য শেষে কেন্দ্রীয় নেতা আলী নাসের খানও বক্তব্য রাখেন। পরে নেতাকর্মীরা গায়েবানা জানাজা শুরু করতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পরিস্থিতির উত্তেজনা তৈরি হলে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ছুড়ে উপস্থিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তাতে বাধা দিয়েছে। পোশাকশ্রমিক তৌফিক হত্যার বিচার এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। গায়েবানা জানাজা আদায় করতে না দিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে।

 

মন্তব্য করুন