টঙ্গীতে বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই মুসল্লির নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া সদরের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। এরপর ১টা ৫০মিনিটে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজ পড়িয়েছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন। জুমার নামাজ শেষে ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। এদিন সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। এসময় শিক্ষকদের উদ্দেশে বয়ানের মিম্বার থেকে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বার এর বয়ান করেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান। এর আগে মোজাকেরা আলোচনা করেন ভারতের মাওলানা জামাল।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আগামী রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাবলীগ অনুসারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে কোন জেলা এবং দ্বিতীয় পর্বে কোন কোন জেলার মুসল্লিরা জেলা ইজতেমায় অংশগ্রহণ করবে ইতিমধ্যে দায়িত্বশীলদের জানানো হয়েছে।

প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন দেশের ৪১ টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন ২২টি জেলা ও ঢাকার আরেক অংশের মুসল্লিরা।

মন্তব্য করুন