শরীয়তপুরে যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

 

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিলটি শহরের পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধার নেতৃত্বে জেলার ৬টি উপজেলার ৮টি থানা থেকে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধা বলেন, নতুন কমিটি পাওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। শরীয়তপুরের প্রতিটি উপজেলা ও থানায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব। এ জন্য সকল নেতাকর্মীর সহযোগিতা ও ঐক্য। আর আমাদের শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাইসহ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতা ও দিকনির্দেশনায় শরীয়তপুর জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এ সময় জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এই কমিটির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। যারা দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, তাদের সঙ্গে নিয়েই সংগঠনকে এগিয়ে নিতে চাই। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।পাশাপাশি শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন