অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন। আজ রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে শপথ নেবেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের মধ্যে থাকতে পারেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাবেক আইজিপি খোদাবকশ চৌধুরী, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং ড. সাইদুর রহমান।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।
এরপর দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।