দায়িত্ব গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’ এর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। নির্বাচনের পর এটিই তার জনসম্মুখে দেওয়া প্রথম ভাষণ।

ভাষণে ট্রাম্প তার আসন্ন মেয়াদের জন্য অগ্রাধিকারের কথা উল্লেখ করে বলেন, ‘অগ্রাধিকারের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করা।’

যা তিনি বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন। তবে কি উপায়ে এ যুদ্ধ বন্ধ করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

ভাষণে ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচনকে ‘১২৯ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে ট্রাম্পের বিশিষ্ট সমর্থকদের মধ্যে ইলন মাস্ক, আরএফকে জুনিয়র এবং ম্যাট গেটজ উপস্থিত ছিলেন।

সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যে এভাবে জিতে যাবো, তা কেউ জানতো না। এটি একটি বড় বিজয় ছিল।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকট নিরসন এবং দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর ও ব্যর্থ প্রশাসনকে ঠিক করার ওপর গুরুত্ব দেওয়া হবে।’

‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। কারণ ২০২১ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে বলে জানা গেছে।

অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এ সময় ট্রাম্প জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ জানান। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এবং হাউজ স্পিকার মাইক জনসনও ছিলেন।

তবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে টেসলার মালিক ইলন মাস্কের কথা বারবার উল্লেখ করেন। যেহেতু ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনেই ছিলেন। এ ব্যাপারে মজা করে ট্রাম্প বলেন, ‘ইলন মাস্ক এই জায়গাটি পছন্দ করেন। আমি তাকে বের করে দিতে পারি না। আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত।’

অনুষ্ঠানে আরও কিছু হাই-প্রোফাইল সমর্থককেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। যেমন– সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গ্যাবার্ডকে। তাদের দু’জনকেই সিনিয়য় পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ট্রাম্প জানান যে তিনি হোম সেক্রেটারি হিসাবে ডগ বারগামকে মনোনীত করেছেন।

মন্তব্য করুন