ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ নভেম্বর) বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
আটকরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মো. আব্দুল হালিম (৩৩) ও মো. আরমান হোসেন (১৯)। তারা ১৮ মাস আগে অবৈধভাবে ভারত প্রবেশ করে রাজমিস্ত্রী ও গ্ৰিলের কাজ করছিলেন। মঙ্গলবার রাতের দিকে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিলেন, তখন তাদের আটক করা হয়।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।
আটক দুই যুবককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।