মাসুদ বেপারী, স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া প্রবাসীদের মধ্যে দেশে ফিরে এলো ৮২ জন। বাংলাদেশীদের মধ্যে Emirates Airlines-এর EK-584 ফ্লাইট যোগে ৮২ (বিরাশি) জন বাংলাদেশীকে আজ (২১ নভেম্বর ২০২৪) রাত ২৩:০০ ঘটিকায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এদের মধ্যে ৭৬ (ছিয়াত্তর) জন সম্পূর্ণ সরকারী ব্যয়ে এবং ০৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর অর্থায়নে দেশে ফিরে এসেছে।
উল্লেখ্য যে, ৭৬ (ছিয়াত্তর) জন বাংলাদেশী, বাংলাদেশ দূতাবাসে, বৈরুত-এ রেজিষ্ট্রেশন করেছে এবং বাকী ০৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) – এ রেজিস্ট্রেশন করেছে। এ পর্যন্ত এগারোটি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশীকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশী নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশী বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশী দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত, দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসকল প্রবাসী বাংলাদেশী ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।





