এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি। এর আগে শাকিবের পরপর দুটি ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে। রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল।
আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবিটি মুক্তি পাবে।
যেসব হলে দরদ ছবিটি যাবে তা হলো: কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং,কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু , পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।
বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস এবং উন্নত প্রযুক্তির স্কিনের সিনেমা হল। চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাবটাইটেল। হলগুলোতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন; যা হলে বসে সিনেমা দেখার আনন্দ কয়েক গুন বাড়িয়ে দেয়।
মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ও তুফান ছবি চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে। এ জন্যই মালয়েশিয়াতে সাকিবের ভক্তরা দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ভিড় করবেন বলে আশা করছি।
জেটিজি এন্টারপ্রাইজ এর হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানান, এর আগে আমরা তুফান রিলিজ করেছি, তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু এবার ইনশাআল্লাহ সবকিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে, সবকিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা দরদ সিনেমা হলে এসে উপভোগ করবে বলে আশা করছি। তার ভেতর শাকিব ভাই মালয়েশিয়া এসে আরও জমজমাট করবে তার ভক্তদের হলে আশার জন্য।
উল্লেখ্য, ‘দরদ; সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। টিজার দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমাটি সাইকো-থ্রিলার টাইপের হবে। সিনেমাটিতে অভিনয় করছেন- শাকিবসহ সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।



