দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’র মডেল হয়ে ধরা দিলেন ফারজানা সিঁথি। আর তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ইচ্ছেরা’ গানটি।
‘আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাডা আজ সব অচেনা।’ এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।
গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত্য মূখার্জী। গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রায় ৫ মিনিটের এই গানের বেশি অংশ জুড়েই দেখা গেছে সিঁথি ও সাদীর খুঁনসুটি!
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতেই আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই প্রায় আড়াই লাখের বেশি মানুষ দেখেছেন নতুন এই গানটি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়েছেন মডেল ফারজানা সিঁথি। এরপর থেকে কয়েকটি ঘটনায় ভাইরালের তকমা পান এই তরুণী। এখন তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন।



