
নূর হোসাইন:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর এবং ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর (বিটিআইপি)” প্রকল্পের আওতায় ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চাকুরি মেলার লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের দক্ষ শিল্প শ্রমিকে রূপান্তরের মাধ্যমে শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঝরে পড়া ও পিছিয়ে থাকা তরুণদের মূলধারায় ফিরিয়ে আনতে ইউসেপ বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি মো. আবদুছ সামাদ আল আজাদ দেশের দক্ষ তরুণদের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মো. আব্দুল করিম দক্ষ মানবসম্পদকে দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি শিল্প প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এবারের চাকুরি মেলায় আরএফএল, প্রাণ, হাতিল, নাভানা, ওয়ালটন, রানার, হোন্ডা, এসিআই এবং ট্রান্সকমসহ দেশের শীর্ষস্থানীয় ১৭টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় ওয়াক-ইন ইন্টারভিউর মাধ্যমে বহু চাকরিপ্রত্যাশীকে তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের শিল্পখাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




