(কটিয়াদী (কিশোরগঞ্জ প্রতিনিধি)
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশে জমিতে গর্তে জমে থাকা পানিতে পড়ে হুমাইসা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কটিয়াদী পৌরসভা কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হুমাইসা আক্তার নরসিংদী সদর উপজেলার মো. রকি মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমাইসার বাবা-মা ঢাকায় চাকরি করেন। জন্মের পর থেকেই সে নানার বাড়ি কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামে নানার আশ্রয়ে বড় হচ্ছিল।
ঘটনার দিন সকালে হুমাইসার ছোট ফুপু তাকে ডেকে ঘরের ভেতর নিয়ে যান। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছু সময় পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জমিতে বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক জানান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।




