কেনিয়ায় আদানির বিতর্কিত চুক্তি ফাঁস করেন একজন শিক্ষার্থী

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বিতর্কিত চুক্তি বাতিল করেছেন। এর মধ্যে অন্যতম ছিল জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর সংস্কার সংক্রান্ত চুক্তি।

এই চুক্তি বাতিলের পেছনে ভূমিকা রেখেছেন ৩০ বছর বয়সী কেনিয়ান ছাত্র নেলসন আমেনিয়া। ফ্রান্সে এমবিএ অধ্যয়নরত আমেনিয়া চুক্তির খসড়া ফাঁস করে জনগণের মধ্যে ক্ষোভ উসকে দেন। তার তথ্য প্রকাশের পর দেশজুড়ে আন্দোলনের সূত্রপাত হয়, যার চাপে প্রেসিডেন্ট রুটো চুক্তি বাতিল করেন।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি অনুযায়ী, তারা বিমানবন্দর ৩০ বছরের জন্য ইজারা নিত এবং কেনিয়া বড় অঙ্কের বিনিয়োগ করেও আর্থিক লাভ থেকে বঞ্চিত হতো। এছাড়া আদানি গোষ্ঠীর বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে সেই অর্থ পরিশোধের দায়ও কেনিয়ার ওপর পড়ত।

আমেনিয়া বলেন, “এই চুক্তি বাস্তবায়িত হলে এটি কেনিয়ার অর্থনীতিতে ক্ষতি বয়ে আনত, আর লাভের সবটাই চলে যেত আদানির হাতে।”

গত মাসে প্রেসিডেন্ট রুটো পার্লামেন্টে ভাষণ দিয়ে ঘোষণা করেন, আদানির সঙ্গে দুটি চুক্তি বাতিল করা হয়েছে। তিনি বলেন, “যদি দুর্নীতির বিষয়ে প্রমাণ মেলে, আমি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না।”

চুক্তির নথি ফাঁস করার পর আমেনিয়া দেশে ফিরে আসার হুমকি পেয়েছেন। তার দাবি, “আমি জানি, এই কাজের জন্য আমাকে মূল্য দিতে হবে, তবে কেনিয়ার জন্য আমি তা দিতে প্রস্তুত।”

বর্তমানে আমেনিয়া মানহানির একটি মামলায় লড়াই করছেন এবং তহবিল সংগ্রহ করে তা চালিয়ে যাচ্ছেন।

চুক্তি বাতিল হলেও প্রেসিডেন্ট রুটো বিমানবন্দর আধুনিকায়নের বিকল্প উপায় খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন। তবে তার নীতির সমালোচনা অব্যাহত রয়েছে।

নেলসন আমেনিয়া তার কাজকে দেশপ্রেমের দায়িত্ব বলে মনে করেন। তার ভাষায়, “দুর্নীতির অবসান এবং উন্নত কেনিয়া গড়তে আমি আমার দায়িত্ব পালন করেছি।”

মন্তব্য করুন