
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগ ও নির্দেশনায় সোমবার (১৭ আগস্ট) এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
কালশী এলাকার একটি সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এভিনিউ-৫ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ‘মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ কর’, ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান খান মাসুদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, পল্লবী থানা ৯১ নং- ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল এলাহী, স্বেচ্ছাসেবক দল, যুবদল,ছাত্রদল, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নারী নেত্রী লাইলী, সহ বিএনপির মহিলা দলের অসংখ্য মহিলা কর্মী, ও সক্রিয়ভাবে মিছিলে অংশ নিতে দেখা যায়।
বক্তারা বলেন, পল্লবীকে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পল্লবীর বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধবিরোধী জনসচেতনতা এবং প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পল্লবী গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবাদ মিছিলে স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন। তাঁরা পল্লবীতে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান।




