মার্কিন দূতাবাসে জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী জিমি কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে গিয়ে তিনি প্রয়াত প্রেসিডেন্টের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শোক বইয়ে শোক বার্তা লেখেন।

এ সময় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান। দূতাবাসে তার সংক্ষিপ্ত সফরের সময়ে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোলডিনকে জানান, তিনি জর্জিয়ায় প্রেসিডেন্ট কার্টারের বাড়িতে গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির একজন বিশ্বব্যাপী সংগ্রামী। তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট কার্টারের অবদান স্মরণীয়।

অধ্যাপক ইউনুস ১৯৮৬ সালে বাংলাদেশ সফরকালে প্রেসিডেন্ট কার্টারের কাজের কথা স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে তার অসামান্য কার্যক্রমের জন্য গভীর প্রশংসা করেন।

মন্তব্য করুন