লস অ্যাঞ্জেলেসে দাবানলে তারকাদের বড় বড় আয়োজন বাতিল , প্রাণহানি বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ঘিরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। দেড় হাজারের বেশি বাড়িঘর পুড়ে গেছে। নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন এক লাখের বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার (০৮ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।

লস অ্যাঞ্জেলেসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক পালিসাদেস। হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন। তীব্র গতির বাতাসের কারণে ওই এলাকায় আগুনের গোলা এক বাড়ি থেকে লাফিয়ে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। তারকারাও পালাচ্ছেন। দাবানলকে কেন্দ্র করে ইতিমধ্যে হলিউডের আরও কয়েকটি বড় বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে।

দুর্যোগকে কেন্দ্র করে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ার বাতিল করা হয়েছে। গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলন বাতিল করেছে নেটফ্লিক্স।
এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অবস্থিত তাঁর বাড়ির কাছের গাছপালা ও ঝোপঝোড় আগুনে পুড়ছে। সে সময় তিনি নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বলতে শোনা যায়, আগুনের সব সতর্ক সংকেত (ফায়ার অ্যালার্ম) বাজছে।

মন্তব্য করুন