একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ শহীদ মিনারে আনা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে ভক্ত ও শুভাকাঙ্খীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন।
দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাপিয়া সারোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সংগীত জগত এবং সংস্কৃতিপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পাপিয়ার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছিল, পরে তা
কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।
পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম জানিয়েছেন, তার এবং পাপিয়ার পরিবারের অনেক সদস্য বনানী কবরস্থানে সমাহিত হয়েছেন, তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পাপিয়াকে সেখানেই সমাহিত করা হবে।
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে ১৯৫২ সালের ২১ নভেম্বর। ১৯৭৮ সালে তিনি সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।



