
পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া আজ রোববার পরীক্ষামূলকভাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এটি সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বশেষ ঘটনা।
গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া একের পর এক বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানান, তাঁরা আজ স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে ‘ইস্ট সি’–তে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা বিবেচনায় রেখে দক্ষিণ কোরিয়া নজরদারি ও সতর্কতা জোরদার করেছে। এ ঘটনায় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়ায় বেসামরিক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়া। সেই পদক্ষেপকে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ‘অত্যন্ত সৌভাগ্যজনক ও বিচক্ষণ আচরণ’ বলে বর্ণনা করেছিলেন।