
সাতক্ষীরা প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, হিজলদী, কাঁকডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেঁকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে রোববার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য ১৯ লাখ ১৩ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌধুরি পাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ৫০০ পিস নেশাজাতীয় ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৩ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।




