
মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আজিজুর রহমান টুটুল দাবি করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, “আমার ব্যক্তি জীবন, পেশাগত কার্যক্রম এবং সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক পোস্ট, অনলাইন সংবাদ ও বিভ্রান্তিকর মন্তব্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”
তিনি আরও বলেন, তার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং তার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মহম্মদপুর প্রেসক্লাবের এই সভাপতি সংশ্লিষ্টদের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য সম্পর্কে সন্দেহ থাকলে তা যাচাই করে দেখার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্নের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।