আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল, ধ্বংসস্তূপের নিচে ৯

আর্জেন্টিনার ভিলা গেসেল শহরে একটি ১০ তলা হোটেল ধসে পড়ে অন্তত একজন নিহত হয়েছেন, এবং ধ্বংসস্তূপের নিচে আরও ৯ জন আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেলটি ধসে পড়ে। উদ্ধারকাজে নিয়োজিত দমকল কর্মী, প্যারামেডিক এবং পুলিশ ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিহতের বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলের পাশে একটি বাড়িতে বসবাস করতেন। কীভাবে হোটেল ধসে তার মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে, আর তাদের ছেলের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি

আটকে পড়াদের অধিকাংশই নির্মাণ শ্রমিক, যারা হোটেলটির সংস্কার কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, গোপনে পৌরসভার অনুমতি ছাড়া হোটেলটি চালু করা হয়েছিল এবং বর্তমানে সেখানে সংস্কার কাজ চলছিল।

১৯৮৬ সালে নির্মিত এই হোটেলটি বেশ পুরোনো হওয়ায় সংস্কারের প্রয়োজন ছিল। তবে নিরাপত্তার কারণে পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধের নির্দেশ দিয়েছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংস্কার কাজ চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন