Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

উপজেলা কমপ্লেক্সে সাংবাদিককে আটকে নির্যাতনের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:

উপজেলা কমপ্লেক্সে এক সাংবাদিককে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে উপজেলা কমপ্লেক্সের হলরুমে বহিরাগতদের নিয়ে সব শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) চালিয়ে খেলা দেখার বিষয়টি নিয়ে ওই সাংবাদিক প্রশ্ন তোলেন। এর জের ধরেই তাকে কমপ্লেক্সের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, আটকে রাখার সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়, মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও নথি মুছে ফেলা হয়। এছাড়া জোরপূর্বক মুচলেকা আদায়, মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা এবং বিভিন্নভাবে মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম সংশ্লিষ্টরা এ ঘটনাকে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন