
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল (৪১) এবং মো. ইউনুছ মিয়া (৫২)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবির মতিঝিল বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ওই এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ফয়সল ও ইউনুছকে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।