জুলাই গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’। সবার কাছে ছবি ও ফুটেজসহ সকল প্রকার তথ্য আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় গঠিত এ সেল।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সেলের দলনেতা ও অতিরক্তি সচিব খন্দকার জহিরুল ইসলামের স্বাক্ষর করা গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ সংগ্রহ করবে তারা।
মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।
এ ছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেনড্রাইভে করে পাঠানো যাবে, অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে।
এর আগে, গত ২৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়।




