মোঃ নাজিম উদ্দিন
গাজীপুর জেলা প্রতিনিধি
: গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে নতুন চারটি শাবকের জন্ম হয়েছে। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারি এলাকার বনের মধ্যে শাবকগুলোর দেখা মেলে। নতুন অতিথিদের আগমনে পার্কে নীলগাইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে।
শাবকগুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
পার্ক সূত্রে জানা যায়, নতুন জন্ম নেওয়া শাবকগুলো সারাদিন মায়ের সঙ্গে বনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। মায়ের ছায়ায় নিরাপদে বেড়ে উঠছে তারা। তবে মানুষের উপস্থিতি টের পেলেই সতর্ক মা নীলগাই শাবকগুলোকে সঙ্গে নিয়ে দ্রুত বনের গভীরে চলে যাচ্ছে। এ কারণে শাবকগুলোর খুব কাছ থেকে দেখা পাওয়া কঠিন।
সরজমিনে দুপুরে পার্কের কোর সাফারির হরিণ এলাকায় গিয়ে দেখা যায়, গাছের ছায়ায় অত্যন্ত সতর্ক অবস্থায় বিশ্রাম নিচ্ছে শাবকগুলো। কিছুটা দূরে অবস্থান নিয়ে মা নীলগাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পাহারা দিচ্ছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে কোর সাফারির হরিণ এলাকায় নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায়। এরপর থেকেই শাবকগুলোর প্রতি বিশেষ নজরদারি ও যত্ন নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক দেখভালের জন্য একজন কর্মীকে হরিণ সাফারি এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শাবকগুলোর বয়স বর্তমানে দেড় মাসের মতো। তবে এগুলো মাদি নাকি পুরুষ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে কাছাকাছি গিয়ে লিঙ্গ নির্ধারণের চেষ্টা করা হয়নি।
তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাই গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পরবর্তী সময়ে পার্কে বেশ কয়েকটি নীলগাইয়ের শাবকের জন্ম হয়েছে। সর্বশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। বর্তমানে পার্কে থাকা ৯টি নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবক যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। তবে আনুমানিক নীল গায়ের সাবকগুলো দেড় মাস আগে জন্ম নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।



