জামালপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলা, ৪ পুলিশ সদস্য আহত

 

জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হককে (২৮) গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলা ও বাধার মুখে পড়েছে পুলিশ। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। এর আগে সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই হিমন, এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের। তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গ্রেপ্তার এনামুল হক ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

মেলান্দহ থানা সূত্রে জানা যায়, এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান চালান। এ সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

ধস্তাধস্তির সময় এসআই হিমনের বাম হাতে আঘাত লাগে। এছাড়া অভিযানে থাকা আরও তিন পুলিশ সদস্য আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন