জামালপুরে ধর্ষণ-অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও অপহরণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে পৃথক আরও দুই অপহরণ মামলায় দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক মামলায় এসব রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ টাকা এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

অন্যদিকে, দেওয়ানগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইসলামপুর থানার অপর একটি অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলাগুলোর সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত পৃথকভাবে এসব রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন