জামিন পেয়েও জেলেই রাত কাটালেন আল্লু

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জামিনে মুক্তি পান তিনি।

হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরদিন পিছনের গেট দিয়ে জেল থেকে বের হন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করার পর দিনভর চলে থানা-আদালত নিয়ে টানাহেঁচড়া। ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন তেলঙ্গানা হাইকোর্ট।

কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অসম্পন্ন থাকায় সঙ্গে সঙ্গেই পুলিশি হেফাজত থেকে বের হতে পারেননি আল্লু , শুক্রবার রাতটা তাকে কাটাতে হয়েছে কারাবাসেেই।

এর আগে গ্রেপ্তারের পর পরই আল্লুর বিরুদ্ধে ১৪ দিনের জন্য হাজতবাস লিখে রেখেছিলেন নিম্ন আদালত। সেই রায় খারিজ করে উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন; তাও আবার গ্রেপ্তারের কয়েকঘণ্টার মধ্যে।

এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাত পর্যন্ত জামিনের অর্ডার পৌঁছায়নি পুলিশের হাতে। সে কারণেই শনিবার সকালের আগে তিনি জেল থেকে বের হতে পারেননি।

এই খবর ছড়াতেই হায়দেরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে আল্লু অর্জুনের অনুরাগীরা বিক্ষোভ শুরু করেন। দক্ষিণী এই সুপারস্টারের গ্রেপ্তার, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে সরগরম সিনেদুনিয়া। প্রিয় অভিনেতার ‘ঝুকেগা নেহি’ ভঙ্গিকে সামনে রেখেই অনুরাগীরা তার মুক্তির দাবিতে শোরগোল তোলে, তার হয়ে সুর চড়ান সহকর্মীরাও।

গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কেন শুধু অভিনেতাকে গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্নও ওঠে?

মন্তব্য করুন