মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন আগামী ৫ নভেম্বর। এ নির্বাচনে প্রাথমিকভাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জো বাইডেন এবং তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেন।
এখন বড় প্রশ্ন হলো—যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্ট পাবে নাকি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার সুযোগ পাবেন? এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ক্রিস্টোফ ব্যারাউদ।
কয়েকটি মানদণ্ডের বিচারে বিশ্বের সবচেয়ে নির্ভুল অর্থনীতিবিদ হিসেবে পরিচিত বারাউদ নির্বাচনে ‘রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাবেন’ বলে পূর্বাভাস দিয়েছেন। আর্থিক বাজার সংকেতের মানদণ্ডে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি বড় ব্যবধানে জয় পাচ্ছে বলে মত দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিভিন্ন সূচক যেমন বেটিং বাজার (বাজি), ভোট, নির্বাচনী মডেলারদের পূর্বাভাস, আর্থিক বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য ফলাফল হলো ট্রাম্পের বিজয়।