মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাষ্ট্রীয় অর্থায়ন বিল পাসে ব্যর্থ হওয়ায় শনিবার (২১ ডিসেম্বর) থেকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার (শাটডাউন) আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে সরকারি তহবিলের মেয়াদ শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে তহবিল অনুমোদিত না হলে কেন্দ্রীয় সংস্থাগুলোর অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
শাটডাউনের ফলে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হতে পারে, যা বড়দিনের ভ্রমণকে প্রভাবিত করবে। প্রায় ২০ লাখ সরকারি কর্মীর বেতন-ভাতা স্থগিত হওয়ার ঝুঁকি রয়েছে। ন্যাশনাল পার্ক, খাদ্য নিরাপত্তা পরিদর্শন এবং পরিবেশ সংক্রান্ত সংস্থাগুলোর কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে।
যদিও সামাজিক সুরক্ষা এবং মেডিকেয়ারের চেক বিতরণ চালু থাকবে, অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় ব্যাঘাত ঘটবে।
বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে আনা অর্থ বিলটি পাস করার জন্য প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। তবে বিলটির পক্ষে ১৭৪ ভোট এবং বিপক্ষে ২৩৫ ভোট পড়ে। এমনকি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই বিলের বিপক্ষে ভোট দেন রিপাবলিকান দলের ৩৮ জন আইনপ্রণেতা।
বিলটি পাসে ব্যর্থতা শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ বিভাজনকেও প্রকাশ্যে নিয়ে এসেছে।
পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। তিনি শুধু জানিয়েছেন, “আমরা আরেকটি সমাধান নিয়ে আসব।”
বিবিসি জানিয়েছে, সময়মতো কার্যকর সিদ্ধান্ত নেওয়া না হলে শাটডাউনের নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়বে। কংগ্রেস দ্রুত একটি কার্যকর বাজেট পরিকল্পনা করতে না পারলে সংকট আরও তীব্র হতে পারে।