Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুরে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শরীয়তপুরে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) জেলা প্রশাসন, শরীয়তপুরের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন, শরীয়তপুর সাংবাদিক ফোরামের সভাপতি আলী আহম্মেদ মোল্লা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “এডিস মশা নিধন করুন”, “পানি জমতে দেবেন না”, “পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন” ইত্যাদি।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
র‍্যালি শেষে উপস্থিতদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

মন্তব্য করুন