১৩ই জুন, ২০২৬

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আমরা যদি প্রত্যেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াই এবং দেশ গঠনে অবদান রাখা ব্যক্তিদের সহযোগিতা করি, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন।”

তিনি বলেন, অনুষ্ঠানটি সড়কের ওপর আয়োজন করা হওয়ায় সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সে কারণে কর্মসূচি সংক্ষিপ্ত রাখা হয়েছে।

দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা সবাই সমাজের মানুষের পাশে দাঁড়াই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা দেশ গঠনের কাজে নিয়োজিত, তাদের সহযোগিতা করি এবং মানবিক দায়িত্ব পালন করি।”

দলীয় সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই দলের নেতাকর্মীদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাজধানী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন তারেক রহমান। একইসঙ্গে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন