২২শে জানুয়ারি, ২০২৬

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী আপিল প্রক্রিয়ায় প্রার্থী হিসেবে যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ সংক্রান্ত চূড়ান্ত ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন না করায় নির্বাচনী আইন অনুযায়ী তাঁর মনোনয়ন বহাল রাখা সম্ভব হয়নি।
এর আগে যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণ দাখিলের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথি জমা না পড়ায় নির্বাচন কমিশনের বিধি অনুসারে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে তিনি আপিল করে নাগরিকত্বের যথাযথ নথি পত্র সঠিক সময়ে দাখিল করতে পারলে নির্বাচনে অংশ নিতে পারবেন।

রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানান, নির্বাচন প্রক্রিয়ায় আইন ও বিধি সবার জন্য সমান। কোনো প্রার্থী যদি সাংবিধানিক ও আইনগত শর্ত পূরণে ব্যর্থ হন, তাহলে মনোনয়ন বহাল রাখার সুযোগ নেই। বিষয়টি সম্পূর্ণভাবে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মনোনয়ন বাতিলের খবরে শেরপুর–২ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দলীয় সূত্রগুলো বিষয়টি আইনগতভাবে মোকাবিলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ফাহিম চৌধুরী ওই আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিধিনিষেধ একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়। প্রার্থীকে অবশ্যই বিদেশি নাগরিকত্ব পরিত্যাগের চূড়ান্ত প্রমাণ নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের অস্পষ্টতা থাকলে নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করার এখতিয়ার রাখে।

মন্তব্য করুন