নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, প্রধান আসামি গ্রেপ্তার।

 

নড়াইল প্রতিনিধি:মেজবা উদ্দিন

নড়াইল সদর উপজেলার ভান্ডারীপাড়া এলাকায় পৈত্রিক জমি ও পুকুরে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এ ঘটনায় চারজনকে আসামি করে নড়াইল সদর থানায় এজাহার দায়ের করা হয়। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. শফিকুল ইসলাম (২৮) ও অভিযুক্তদের বাড়ি পাশাপাশি। পৈত্রিক জমি-জমা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে বাদী ওই ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করলে অভিযুক্তদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাদীকে রক্ষা করতে তার মামাতো ভাই সার্থক (১৭) এগিয়ে এলে তার ওপরও হামলা করা হয়। অভিযোগ অনুযায়ী, সার্থকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে এবং পরে বাঁশের লাঠি দিয়ে তার হাতে আঘাত করা হয়। এতে তিনি আহত হন।
অভিযোগে আরও বলা হয়, বাদীর মা ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। চেইনটির ওজন প্রায় ৮ আনা এবং আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। বাদী ও তার মা প্রাথমিক চিকিৎসা নেন এবং আহত সার্থককে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাদী মো. শফিকুল ইসলাম নড়াইল সদর থানায় চারজনকে আসামি করে এজাহার দায়ের করেন। আসামিরা হলেন—মো. হাফিজুর মোল্যা (৩৮), মো. সন্তার মোল্যা (৬৫), মো. মাহফুজ মোল্যা (৩০) ও মোছা. রহিমা খানম (৩৮)।
এদিকে মামলার বিষয়ে নড়াইল সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, মামলার প্রধান আসামি মো. হাফিজুর মোল্যাকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। তাকে আদালতে পাঠিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন নড়াইল সদর থানা।

মন্তব্য করুন