ধাওয়া খেয়ে বেড়ানো ভবঘুরে বেওয়ারিশ কুকুরগুলো ঠাণ্ডা মাটিতে ফেলে রাখা শিশুটিকে ঘিরে রেখেছিল। সেই কুকুরগুলো শুধু নীরবে প্রহরা দিচ্ছিল নবজাতকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতভর কুকুরগুলো কাউকেই শিশুটির কাছে যেতে দেয়নি। কেবল ভোরের আলো ফুটলেই কুকুরগুলো সরে যায়।
আরেক বাসিন্দা সুভাষ পাল বলেন, ‘ভেবেছিলাম আশপাশের কোনো বাড়িতে অসুস্থ বাচ্চা আছে। কখনো কল্পনা করিনি বাইরে মাটিতে এক নবজাতক পড়ে আছে, আর তার চারপাশে কুকুরেরা পাহারা দিচ্ছে। তারা ঠিক প্রহরীর মতো আচরণ করছিল।’
চিকিৎসকেরা পরে জানান, শিশুটির শরীরে কোনো আঘাত নেই। মাথার রক্ত জন্মদাগ থেকেই হওয়া সম্ভব এবং সবকিছু দেখে মনে হয়েছে, জন্মের পরে কয়েক মিনিটের মধ্যেই তাকে ফেলে রেখে যাওয়া হয়েছে। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।
শিশুটি সুস্থ ও স্বাভাবিক হলে চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে, তা এখনো নিশ্চিত নয়। নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র : দ্য ওয়াল