মঙ্গলবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গিয়েছিলেন তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে তাকে উদ্দেশ করে কটূক্তি করার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদকে নিয়ে পোস্ট দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্ট দেন তিনি। ফেসবুকে দেয়া ওই পোস্টের ক্যাপশনে হাসনাত লেখেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের চিত্র এমনই ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে।’
তিনি আরও লেখেন, ‘ফ্যাসিস্টবিরোধী বাংলাদেশই নাহিদ। আমরাই নাহিদ। জুলাই ১৩৬, ২০২৪।’
উল্লেখ্য, সম্প্রতি জবির দ্বিতীয় ক্যাম্পাস আর্মির কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে তাকে উদ্দেশ করে কটূক্তি করার অভিযোগ উঠে।