বরগুনায় ৫ কেজি গাঁজাসহ পরীরখালের কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল ও তার দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

রেদওয়ানা আফরিন, বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সজল (৩৩) ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার (২৫)–কে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২০ জুলাই) গভীর রাতে বরগুনা সদর উপজেলার ডিকেপি সড়ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে মোট পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে বরগুনার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। সজল এর আগেও একাধিকবার মাদক সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, পরীরখাল এলাকায় সজলের মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ।

মন্তব্য করুন