২০শে এপ্রিল, ২০২৬

বাড্ডায় অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার, এক অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন শিকদার (২৭)।

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৮ টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

গতকাল (১৫ অক্টোবর, ২০২৪) ভিকটিম মিন্টু শিকদারের বড় ভাই মোঃ আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮.৫০ টায় মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়। সকাল আনুমানিক ৯.০০ টার সময় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে গ্রেফতারকৃত ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে মিন্টু শিকদারকে জোরপূর্বক একটি সাদা CHR গাড়িযোগে অপহরণ করে নিয়ে যায়। এসময় তার মামাতো ভাই মোঃ আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৮ টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ভিকটিম মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত CHR গাড়িটিও জব্দ করা হয়।

অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। সে অর্থ আত্মসাৎ করার উদ্দেশে ভিকটিম মিন্টু শিকদারকে অপহরণ করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃত ইয়াছিন শিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন